বিআরটিসির বাস সরকারি প্রতিষ্ঠানে না দিতে নোটিশ

সাধারণ জনগণের গণপরিবহন-সংকট দূর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যানের কাছে এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, বিআরটিসির বহরে থাকা শতভাগ বাস কেবল সাধারণ যাত্রীদের সেবায় উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে চাঙা করতে যাতায়াতের প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব বাস কিনতে অথবা বেসরকারি খাত থেকে পরিবহনসেবা ভাড়া নিতে হবে।
আরও বলা হয়, সাধারণ নাগরিকদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার জন্যই মূলত জনগণের করের টাকায় বিআরটিসি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বিআরটিসি তাদের বহরের বিশাল অংশ বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থাকে ভাড়ায় দিয়েছে। ফলে রাস্তায় বাস না পেয়ে সাধারণ মানুষ পরিবহন-সংকটে পড়ছেন এবং অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন।
এই নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


