পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর কখনই রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর কখনই রাজনীতি করতে পারবে না। তারা গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। দেশের মানুষের কাছে তারা রাজনৈতিক বৈধতা হারিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে।
সালাউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস।
তিনি বলেন, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সীমান্তের ওপারের পাতা ফাঁদে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিষয়ে তিনি বলেন, এগুলো আওয়ামী চরিত্র। তাদের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে।
যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (নাহিদ ইসলাম) ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দূতাবাস এবং সেই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

