হরিদাসচন্দ্রকে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

গাইবান্ধায় পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও কালী মন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সোমবার (১৩ জুলাই) পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও কালী মন্দির কমপ্লেক্সে ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগের পর হরিদাসচন্দ্র আলোচনায় আসেন। মূর্তি নির্মাণের বিরোধিতা করতে গিয়ে ভগবান রামচন্দ্রের পবিত্র ছবিতে জুতা নিক্ষেপ ও হিন্দু ধর্মের বিরুদ্ধে উগ্রবাদী প্রচারণা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি ও শঙ্কা তৈরি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, হিন্দু ধর্ম অবমাননার দায়ে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারও বিরুদ্ধে নেওয়া হয়নি শাস্তিমূলক পদক্ষেপ।
অবিলম্বে হরিদাসচন্দ্রকে জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
এর আগে রোববার (১২ জুলাই) রাতে হরিদাসচন্দ্রকে গ্রেপ্তার করা হয়।




