তেলের অভাবে পাঁচ দিন ধরে বন্ধ শেওড়াপাড়া সোবাহান ফিলিং স্টেশন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত সোবাহান ফিলিং স্টেশন গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। গত ১৯ মার্চ থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ঈদের তৃতীয় দিন (২৩ মার্চ) পর্যন্ত স্টেশনটি চালু করা সম্ভব হয়নি।
স্টেশনটির ম্যানেজার সিয়াম খান জানান, ১৮ মার্চ পাওয়া তেল চাহিদার তুলনায় কম ছিল। মজুত থাকা শেষ অংশ পর্যন্ত বিক্রি করার পর নতুন সরবরাহ না আসায় কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের ঘাটতি ও নিরাপত্তাজনিত উদ্বেগে পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কোম্পানিগুলোর সরবরাহ করা তেল দিয়ে বর্তমান চাহিদা পূরণ করা যাচ্ছে না। ফলে অনেক স্থানে গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
সংগঠনটির দাবি, অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে পাম্পকর্মীরাও শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পাম্প বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা বাড়ছে। অভিযোগ রয়েছে, অনেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন এবং পরে বেশি দামে বিক্রি করছেন। আবার আংশিক ভর্তি ট্যাংক নিয়েও বারবার তেল নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।
কয়েকটি এলাকায় জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। একটি জেলার উদাহরণ দিয়ে বলা হয়, স্বাভাবিকভাবে কয়েক দিন চলার মতো মজুত খুব অল্প সময়েই শেষ হয়ে গেছে অতিরিক্ত চাপের কারণে।
সংগঠনটির মতে, শুধু পাম্পেই নয়, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করার মতো সিদ্ধান্তও নিতে হতে পারে।