ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি পজিটিভ। এখনও সম্ভাবনা আছে ভারত সফরের। এ ছাড়া ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফর করতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।
প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী। উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।
সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, সিংগাপুরে এক্সপোর্ট বৃদ্ধি করতে সফল আলোচনা হয়েছে। সিংগাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রজেক্ট পরিদর্শন করে এসেছি।
ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ ভারতের কাজে লাগানো উচিত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনও শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ ভারতের কাজে লাগানো উচিত। ভারত সুযোগ কাজে লাগাবে কি না, তা তারা ভেবে দেখতে পারে।
সরকারের চলমান ছয় মাসের পারফরমেন্স নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।



