logo

তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার : মির্জা ফখরুল

তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার : মির্জা ফখরুল

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরঘুর করে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না…চাকরি তো অসম্ভব। এ জন্য আমাদের নিজেদের আত্মকর্সসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। সব ক্ষেত্রেই সরকার মেধাকে প্রাধান্য দেবে।’

তিনি বলেন, ‘আমরা খালি অমুকের ভাই...ভাই একটু বলে দেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দিই, তাহলে তো মুশকিল হবে।’

নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।

এ সময় তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।