পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আইপিইউর ১৩ দশকের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্দা ফিলিপকে অভিনন্দন জানান। সংসদীয় গণতন্ত্র, শান্তি, মানবাধিকার এবং আন্তঃসংসদীয় সহযোগিতা এগিয়ে নিতে আইপিইউর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আইপিইউ মহাসচিবকে অবহিত করেন। অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বিশেষ করে নারী ও কিশোরীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, ভুল তথ্য ও অপতথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংসদগুলোর মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট অগ্রহণযোগ্য পরিস্থিতির কথা উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সংকটটির ওপর ধরে রাখতে বৈশ্বিক পর্যায়ে সংসদীয় তৎপরতা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন। সংসদীয় বিনিময়, অভিজ্ঞতা বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আইপিইউর সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, এসব সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।



