মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় লোক হলেও ছাড় নয়: বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মাদক বর্তমানে সমাজ ও তারুণ্যকে ধ্বংস করে দিচ্ছে। এ কারণে আমার নির্বাচনি এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছি।
তিনি বলেন, মাদক কারবারির কোনো দল নেই। প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আমার দলের লোক হলেও কাউকে যেন ছাড় দেওয়া না হয়।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, মাদকের ভয়াবহতা নিয়ে আমি উদ্বিগ্ন। প্রতিদিন অনেক অসহায় বাবা মা তাদের সন্তানদের বাঁচাতে তার কাছে আসেন। তিনি জানান, প্রশাসনকে সরাসরি বলে দিয়েছেন, মাদক কারবারিদের পক্ষে কোনো তদবির যেন গ্রহণ করা না হয় এবং যারা সমাজকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচনি প্রচারণায় যুক্ত থাকা নিজের দলের এক কর্মীকেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করিয়েছেন।
তিনি আরও বলেন, এলাকার বেকারত্ব দূর করতে বিভিন্ন শিল্প গ্রুপের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।
শহিদুল ইসলাম বাবুল বলেন, তিনি এলাকার মানুষের কাছে গডফাদার নয়, বরং একজন নিরাপদ আশ্রয় ও আপনজন হতে চান। সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করাই সংসদ সদস্য হিসেবে তার প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন।
.png)





