উত্তরখানে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. সোহেল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উত্তরখান থানার ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
তিনি জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উত্তরখানের মুন্ডা এলাকা থেকে সোহেল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
সোহেল ভূঁইয়া উত্তরখানের মুন্ডা এলাকার মৃত আব্দুল করিম ভূঁইয়ার ছেলে।
ওসি জানান, সোহেল ভূঁইয়াকে উত্তরখান থানায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাতেও তিনি আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ওসি হাবিবুর রহমান বলেন, উত্তরখানের তালতলার একটি রিকশার গ্যারেজে গত ১২ সেপ্টেম্বর রাতে নাশকতার পরিকল্পনার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল ভূঁইয়াও জড়িত বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
