logo

ডিসেম্বরের মধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: ক্রীড়া প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: এশিয়া পোস্ট

ডিসেম্বরের মধ্যেই দেশের সব জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার গুলশানের জাতীয় শুটিং কমপ্লেক্সে ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Advertisement

আমিনুল হক বলেন, ‘বিগত সময়ে অ্যাডহক কমিটি বা বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব ছিল না। বর্তমানে জেলা ক্রীড়া সংস্থাগুলোর বিষয়ে সব জেলা প্রশাসক (ডিসি) মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতার আওতায় রয়েছেন।’

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনগুলোর নভেম্বরের একটা ডেডলাইন ছিল। আমরা আরও কিছুদিন তাদের সময় বাড়িয়ে দিয়েছি, যেন দ্রুত সময়ে তারা নির্বাচন করে।’

এর আগে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) ব্যবস্থাপনায় আয়োজিত ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সাফল্য বয়ে আনা খেলাগুলোর মধ্যে শুটিং অন্যতম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শুটার তুলে আনতে এ ধরনের ওপেন টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পক্ষ থেকে শুটিংয়ের মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, ‘ফেডারেশন কেবল বর্তমান আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং সুদূরপ্রসারী ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে শুটিংকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে, যাতে বর্তমান শুটাররা নিজেদের অবস্থান আরও সংহত করে সাফল্য অর্জন করতে পারেন।’

এ সময় তিনি শুটিংয়ের উন্নয়নে প্রতিমন্ত্রীর কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, জাতীয় পাঠ্যপুস্তকে অন্যান্য খেলার পাশাপাশি শুটিং স্পোর্টসকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা এবং সরকারের নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগে শুটিংকে যুক্ত করা।

পাশাপাশি, এ প্রকল্পের পাইলট প্রজেক্টের আওতায় প্রতিটি জেলার উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও তত্ত্বাবধানসহ একটি ১০ মিটার ফায়ারিং বা শুটিং রেঞ্জ স্থাপনে সহায়তার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া বিশ্বমানের সঙ্গে তাল মেলাতে ইলেকট্রনিক টার্গেট, অস্ত্র ও অ্যামুনিশন সংগ্রহের জন্য প্রয়োজনীয় থোক বরাদ্দ প্রদান এবং অ্যাথলেট ও নবীন শুটারদের জন্য আন্তর্জাতিক মানের কোচ, ফিজিও, জিমনেসিয়াম ও আর্মোরারের মতো অপরিহার্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান বিএসএসএফ প্রেসিডেন্ট।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট