logo

রাজনৈতিক দলগুলোর ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি

রাজনৈতিক দলগুলোর ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি

জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর দেওয়া ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ‘নির্বাচনি এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মোয়াজ্জেম বলেন, নির্বাচনি ইশতেহারে রাজনৈতিক দলগুলো নতুনত্ব এনেছে। তারা অবকাঠামো উন্নয়নের গৎবাঁধা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে সামাজিক উন্নয়নের দিকে নজর দিয়েছে। তবে তাও যথেষ্ট নয়।

এ ছাড়া সংবাদ সম্মেলনে সিপিডির জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপের তথ্য অনুযায়ী, দেশের প্রায় চার ভাগের তিন ভাগ ভোটার মনে করে রাস্তা, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। এর মধ্যে শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সঙ্গে ব্রিজ ও সড়ক নির্মাণের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত করে দেখেন। পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি), উপকূলীয় অঞ্চল, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলে এই ধারণা অত্যন্ত প্রবল।

ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা গেছে। 

ভোটারদের মধ্যে উন্নয়ন ধারণার এই একমুখী প্রবণতা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়ালে ফেলে দিতে পারে বলে আশঙ্কা করছে সিপিডি। তাদের মতে, উন্নয়ন আলোচনায় কর্মসংস্থান ও অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমানের বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জরিপে ১৫০টি নির্বাচনি এলাকার ৪৫০ নির্বাচন প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধি এবং বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে।