প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান।
সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসএএম মাহফুজুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি— যেটি আগে ঘটবে সে সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে তাতে উল্লেখ রয়েছে।
মাহফুজুর রহমান প্রায় এক দশক ধরে ইউএনবির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ইউএনবিতে সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন।