ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে গণপূর্ত প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করা হবে বলে সতর্ক করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, সততা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সব উন্নয়ন কাজ শেষ করতে হবে। সময়মতো কাজ শেষ না হলে বা প্রকল্পে কোনো অনিয়ম পাওয়া গেলে টেন্ডার বাতিল করা হবে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রকল্পের মান নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কাজ সুষ্ঠু ও সততার সঙ্গে হচ্ছে কি না, তা কেবল কর্তৃপক্ষের নিজস্ব প্রতিনিধির মাধ্যমেই পরিদর্শন করা হবে না; পাশাপাশি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) মাধ্যমেও তা যাচাই করা হবে।
দেশে চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহির তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করে নতুনভাবে সাজাতে হবে। তাই স্বল্প মুনাফায় কাজের সর্বোচ্চ মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্প হস্তান্তর করতে হবে। এ সময় তিনি ঠিকাদারি ও নির্মাণকাজে যাতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মো. আব্দুল গোফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন ও মো. মেহেদী হাসান।
এ ছাড়া গৃহায়ন কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
.png)





