সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা : তথ্য উপদেষ্টা

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কনডাক্ট) প্রয়োজন হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার) জাহেদ উর রহমান।
তিনি বলেন, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক গণমাধ্যমের দ্রুত বিস্তার ঘটায় বর্তমান বাস্তবতায় সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার দ্রুত নীতিমালা ও রেগুলেটরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিচ্ছে।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, এখন অনলাইন মিডিয়া খুব সহজে চালু করা যাচ্ছে। এতে নীতিমালার অভাব আছে—এটা আপনারাও (উপস্থিত সাংবাদিক) নিশ্চয় স্বীকার করবেন। জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রত্যাশা এসেছে যে সাংবাদিক হওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধি থাকা প্রয়োজন, যাতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে প্রশাসন ও গণমাধ্যম উভয়েরই সুবিধা হয়।
এ জন্য সাংবাদিকতার একটা নীতিমালা ও কোড অব কনডাক্ট তৈরির বিষয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং তা দ্রুতই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
উপদেষ্টা জানান, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে চায়। তাই তথ্য গোপনের প্রবণতা থেকে সরকার সরে আসবে বলে মনে করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, তথ্য গোপন করার যে প্রবণতা আগে দেখা গেছে, যুক্তিবলে বর্তমান সরকার তা করতে যাবে না।
গুজব ও অপতথ্য মোকাবিলায় সরকারের পরিকল্পনা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সংবাদের সত্যতা বা ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে সমন্বিত করা হবে।
জেলা পর্যায়ে সরকারের তথ্যসেবা কাঠামোকে নতুন ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা।


