logo
Advertisement

হঠাৎ ‘খিঁচুনি’ শুরু রোবটের, থামাতে গিয়ে নাজেহাল অপারেটররা (ভিডিও)

এনডিটিভি
হঠাৎ ‘খিঁচুনি’ শুরু রোবটের, থামাতে গিয়ে নাজেহাল অপারেটররা (ভিডিও)
চীনা রোবট হাত-পা ছুড়ে অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে। ছবি: সংগৃহীত

চীনের বেইজিংয়ে বিশ্ব রোবট সম্মেলনে প্রদর্শনীর সময় একটি মানবাকৃতির রোবট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে পড়ে যায়। এরপর সেটি হাত-পা ছুড়ে অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে। ঘটনাটি দেখতে অনেকটা মানুষের খিঁচুনির মতো হওয়ায় সম্মেলনে উপস্থিত দর্শকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

Advertisement

এ বছরের বিশ্ব রোবট সম্মেলনে আধুনিক মানবাকৃতির রোবটের সক্ষমতা প্রদর্শনের সময় এ ঘটনা ঘটে। রোবটটির রিমোট নিয়ন্ত্রণের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরই সেটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, রোবটটি হঠাৎ পেছনের দিকে পড়ে যায়। এরপর মেঝেতে শুয়ে থাকা অবস্থায় বারবার হাত-পা ছুড়তে থাকে। কয়েকজন প্রকৌশলী দ্রুত এগিয়ে এসে সেটিকে ধরে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। তবে রোবটটি তাৎক্ষণিকভাবে বন্ধ করতে গিয়ে তাদেরও বেশ বেগ পেতে দেখা যায়।

ঘটনার সময় আশপাশে থাকা দর্শকেরা বিস্ময়ের সঙ্গে পুরো বিষয়টি দেখছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে অনেকে রোবটটির অস্বাভাবিক নড়াচড়াকে শিশুর রাগ বা মানুষের খিঁচুনির সঙ্গে তুলনা করেছেন।

একজন মন্তব্য করেন, রিমোট নিয়ন্ত্রণ কাজ না করলে রোবটটি বন্ধ করার জন্য আলাদা কোনো সুইচ নেই কি না, সেটিই বেশি উদ্বেগের বিষয়। আরেকজনের ভাষায়, দৃশ্যটি অনেকটা ‘রাগী শিশুর মতো’।

ঘটনাটি বিশ্ব রোবট সম্মেলনের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়। যে রোবটের সক্ষমতা প্রদর্শনের কথা ছিল, তার আকস্মিক ত্রুটিই শেষ পর্যন্ত দর্শকদের বেশি নজর কাড়ে।

২০২৬ সালের বিশ্ব রোবট সম্মেলনে রোবট নির্মাতা প্রতিষ্ঠান, গবেষক ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হচ্ছে।