নভেম্বরের ২৫ দিনে এলো ৩১৮৩০ কোটি টাকার বেশি রেমিট্যান্স

নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে।
এর মধ্যে গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে এসেছে ৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার।
অন্যদিকে, চলতি বছরের একই সময়ে এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) প্রথম প্রায় পাঁচ মাসে দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার।
সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।
সব মিলিয়ে নভেম্বরের প্রথম ২৫ দিনের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসেও প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে।




