logo
Advertisement

আইনমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক/সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে পর্যালোচনা কমিটি গঠনের প্রস্তাব

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে পর্যালোচনা কমিটি গঠনের প্রস্তাব
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন একদল তরুণ আলেম। বুধবার সচিবালয়ে। ছবি: হেফাজতে ইসলামের মিডিয়া সেল

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে বৈঠক করেছেন একদল তরুণ আলেম। তারা সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীকে পর্যালোচনা কমিটি গঠনের প্রস্তাব দেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলেমরা বাবা-মা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষায় বিলটির উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের জন্য সম্পত্তি হস্তান্তর, হেবা, অসিয়ত ও উত্তরাধিকার কোরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তারা লিখিত প্রস্তাবনা তুলে ধরেন।

তারা জানান, দাতার জীবদ্দশায় মালিকানা হস্তান্তর করেও ভোগাধিকার মৃত্যুর পর কার্যকর করার ব্যবস্থা প্রচলিত হেবার শরয়ি কাঠামোর সঙ্গে অসামঞ্জস্য সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এর প্রয়োগ যদি অসিয়তের বৈশিষ্ট্য ধারণ করে, তাহলে ওয়ারিসের জন্য অসিয়ত এবং নির্ধারিত মিরাসের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ফলে আইনটির অপব্যবহারের মাধ্যমে কোনো উত্তরাধিকারীকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করার সুযোগ তৈরি হচ্ছে কি না, তা বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

এ সময় আলেমরা দেশের শীর্ষ মুফতি, ফকিহ, ইসলামি আইন গবেষক ও আইনজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটি গঠন করে আইনটি পুনর্বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করার প্রস্তাব দেন, যাতে প্রবীণ ও দাতার নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মুসলিম নাগরিকদের হেবা, অসিয়ত ও মিরাসের শরয়ি বিধান ক্ষতিগ্রস্ত না হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের মহাসচিব মুফতি রেজাউল কারীম আবরার, ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী, বাংলাদেশ ফিকহ একাডেমির মহাপরিচালক মুফতিয়সাল মাহমুদ হাবিবী, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম মহাসচিব মুফতি শামসুদ্দোহা আশরাফী এবং মোহাম্মদপুর মোহাম্মদী হোমস জামে মসজিদের খতীব মুফতি আদনান মাসউদ প্রমুখ।