বাংলাদেশে বিদেশি কর্মীদের মধ্যে কোন দেশের নাগরিক বেশি

দেশের বিভিন্ন অর্থনৈতিক ইউনিটে (প্রতিষ্ঠান) কাজ করছেন ১৪ হাজার ৬৬৪ বিদেশি নাগরিক। তাদের মধ্যে সংখ্যার দিক থেকে চীনাদের সংখ্যা বেশি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রতিবেদনটি।
২০২৪ সালের হিসাব অনুযায়ী, মোট বিদেশি জনবলের মধ্যে সবচেয়ে বেশি নগরিক চীনের। এর সংখ্যা ৩ হাজার ৯৯১ জন; যা মোট বিদেশি কর্মীর ২৭ দশমিক ২২ শতাংশ।
এ ছাড়া রুশ নগরিক ২২ দশমিক ৭৩ শতাংশ, ভারতীয় ১৩ দশমিক ০১ শতাংশ, কাজাখস্তানের ৮ দশমিক ৭৮ শতাংশ, শ্রীলংকার ৪ দশমিক ৪৪ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার নাগরিক ৩ দশমিক ৬০ শতাংশ।
বিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে বিদেশি নাগরিক কর্মরত, সেগুলোর ২৩ দশমিক ৩৬ শতাংশে কাজ করেন প্রশাসন বা হিসাব শাখায়।
এ ছাড়া ২২ দশমিক ৭০ শতাংশ প্রতিষ্ঠানের কারিগরি বা প্রকৌশল শাখায়, ১৫ দশমিক ৩৬ শতাংশ প্রতিষ্ঠানের উৎপাদন শাখায় এবং ১২ দশমিক ৫৬ শতাংশ প্রতিষ্ঠানের বিপণন শাখায় কর্মরত বিদেশিরা।