অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে: সিইসি

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে।
গণভোট ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে বুধবার (১১ ফেব্রুয়ারি) এসব কথা বলেন তিনি।
১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই ইসির গাইডলাইন অনুসারে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। আপনাদের রিপোর্ট ও প্রতিবেদন নির্বাচনের আসল তথ্য ধরবে এমনটা প্রত্যাশা করি।
প্রথমবারের মতো দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, অনেক ভোটার ভোট দিয়েছেন। তাদের দেওয়া ব্যালট পেপার দেশে পৌঁছেছে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
সিইসি জানান, লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।