রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ইসি সানাউল্লাহর কঠোর বার্তা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনে অন্য কোনো পদ্ধতি অবলম্বনের প্রচেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটের মাধ্যমেই পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। অন্য কোনো পদ্ধতি অবলম্বনের সামান্যতম প্রচেষ্টা করা হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা কঠোরভাবে প্রতিহত ও আটকে দেওয়া হবে।
ইসি সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্রে শতভাগ সিসিটিভি ক্যামেরা, বডি-অন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হবে।
ইসি সানাউল্লাহ বলেন, আলোচনায় সাংবিধানিক, আইনগত, নৈতিক ও সাংস্কৃতিক বিষয় ছাড়াও নির্বাচন কমিশনের কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে। এর মধ্যে যেগুলো স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব, সেগুলো আসন্ন নির্বাচনেই কার্যকর করা হবে। অন্য বিষয়গুলো দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচনকে সম্মিলিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি সুইডেনের উদাহরণ টেনে বলেন, দেশটিতে স্থায়ী কোনো নির্বাচন কমিশনার নেই। মাত্র ৬৫ জন জনবল দিয়ে নির্বাচন কমিশন পরিচালিত হয়; বাকি দায়িত্ব পালন করে নির্বাহী বিভাগ। অন্যদিকে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে ১৭ লাখ জনবলের প্রয়োজন হয়েছে। এত বিপুলসংখ্যক জনবল নির্বাচন কমিশনের একার পক্ষে নিয়োগ ও পরিচালনা করা সম্ভব নয়। তাই মানবদেহের বিভিন্ন অঙ্গের মতো সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে মো. সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো প্রায় সব কেন্দ্রে এজেন্ট দিয়েছিল। এজেন্টদের স্বাক্ষরযুক্ত সব কেন্দ্রের ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফলে ফলাফল টেম্পারিংয়ের সুযোগ ছিল না।
ভবিষ্যতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের ধাপ কমিয়ে কেন্দ্রে ঘোষিত এবং এজেন্টদের হাতে দেওয়া ফলাফলকেই চূড়ান্ত করার বিষয়টি কমিশন বিবেচনা করছে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও প্রার্থীদের যোগ্য ও সচেতন পোলিং এজেন্ট নিয়োগের আহ্বান জানান নির্বাচন কমিশনার।
নির্বাচনি সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, অতীতের জাতীয় নির্বাচনে সর্বনিম্ন ৫৬ জন নিহত হওয়ার রেকর্ড রয়েছে। তবে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাণহানির ঘটনা ঘটেছে দুটি। এর মধ্যে একটি ছিল তপশিল ঘোষণার পরদিন প্রার্থী হতে চাওয়া শহীদ ওসমান হাদির ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা। অন্য ঘটনাটি দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের হাসপাতালে মৃত্যু। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম নির্বাচনের দিন কোথাও ঘুষি বা মারামারির ঘটনা ঘটেনি।
রাজনৈতিক নেতাদের প্রতি সহিংসতা পরিহারের নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এ বিষয়ে নির্দেশনা দিলে তৃণমূলেও তার ইতিবাচক প্রভাব পড়বে।
নির্বাচনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তিনি জানান, ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে এক মিনিটের মধ্যেই যে কোনো অনিয়মের তথ্য কমিশনে পাঠানো সম্ভব। নির্বাচন কমিশনে একটি মনিটরিং সেলও থাকবে। সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যে কোনো সময় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
তবে অভিযোগ ব্যবস্থাপনা ও নির্বাচনি ট্রাইব্যুনালের দীর্ঘসূত্রতা নিয়ে কমিশনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, অনেক সময় সুনির্দিষ্ট তথ্য ও সাক্ষী ছাড়াই টাকা বিতরণের মতো অভিযোগ করা হয়। ফলে তাৎক্ষণিকভাবে এসব অভিযোগ মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।
বর্তমান কমিশনের ইতিবাচক দিক তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, আন্দোলনের মধ্য দিয়ে আসা সবাই এখন একটি ভালো নির্বাচন চান। তবে প্রান্তিক পর্যায়ের কিছু প্রার্থী ও জনগোষ্ঠীর মধ্যে অতীতের খারাপ নির্বাচনের অভিজ্ঞতা ও প্রবণতা এখনও রয়ে গেছে। সম্মিলিত প্রচেষ্টায় সেই অপসংস্কৃতি দূর করতে হবে। নির্বাচন কমিশন কোনো অনিয়মকে হালকাভাবে নেবে না এবং কাউকে ছাড় দেবে না বলেও জানান তিনি।

