নবনির্বাচিত রাষ্ট্রপতিকে হেফাজতের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা আশা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামি মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন হেফাজতের এই শীর্ষ দুই নেতা।
তারা বলেন, আমরা বিশ্বাস করি, রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আগ্রাসন মোকাবিলায় সাহসী ভূমিকা পালন করবেন। রাজনৈতিক সৌহার্দ, সম্প্রীতির বন্ধন তৈরি করতে উদ্যোগী হবেন।
আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি কাজ করবেন, আশা হেফাজতের।
হেফাজতের আমির ও মহাসচিব রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে রাষ্ট্রপতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।



