আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার
ধর্ষণচেষ্টা মামলার আসামি বিদেশ সরকার। ছবি: র‍্যাব

ঢাকার আশুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিদেশ সরকারকে (৫৫) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Advertisement

সোমবার (২২ জুন) দিবাগত রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দশুলিয়া (গুচ্ছগ্রাম) এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরাঙ্গীর নাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব-৪, র‍্যাব-১ ও র‍্যাব-১৩-এর একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব কর্মকর্তা নাহিদ বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার আশুলিয়ার লালারটেক এলাকায় বসবাস করে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার হওয়া বিদেশ সরকার তাদের প্রতিবেশী।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, গত ১৭ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি অভিযুক্তের ছেলের সঙ্গে তাদের বাসায় খেলছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিদেশ সরকার শিশুটিকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাবের এই মিডিয়া অফিসার আরও জানান, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধার সাদুল্লাপুর থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিদেশ সরকারকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।