সাত লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ: শিল্পমন্ত্রী

দেশে সারের উৎপাদন ঘাটতি সামাল দিতে বড় পরিসরে ইউরিয়া আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, মোট সাত লাখ টন ইউরিয়া সার আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় গ্যাস সরবরাহে বাধা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের সার কারখানাগুলোতে। বর্তমানে কেবল ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানিতে উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) থেকে দুই লাখ টন ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফার্টিগ্লোব থেকে এক লাখ টন ইউরিয়া আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে আরও চার লাখ টন সার আমদানির প্রস্তুতি চলছে।
অন্যদিকে, টিএসপি ও ডিএপি সারের উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করার কথাও জানান শিল্পমন্ত্রী।
তিনি বলেন, রক ফসফেট, ফসফরিক অ্যাসিড ও সালফার আমদানির জন্য টেন্ডারের পাশাপাশি সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির মাধ্যমে মরক্কো, জর্ডান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, চীন ও মালয়েশিয়া থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।