ডাকসু লেখালেখি-নাট্য কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সংগঠনটির সহ-সভাপতি (ভিপি) সাদেক কায়েম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহম্মদ, বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মিতা এইচএম নুর, আবৃত্তিকার তারিক হাসিব ও নাট্য অভিনেত্রী উম্মে হানী মেঘলা।
অনুষ্ঠানে ডকসুর ভিপি বলেন, লেখালেখি ও নাট্যচর্চা তরুণদের সৃজনশীলতা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাহিত্যচর্চা ও নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও অনুভূতি আরও সুন্দরভাবে প্রকাশ করার সুযোগ পায়।
ডাকসুর আয়োজনে, নটনাট্য ও বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের ব্যবস্থাপনায় এই কর্মশালায় অংশগ্রহণকারীরা লেখালেখির বিভিন্ন কৌশল, গল্প ও নাট্যরচনা, চরিত্র নির্মাণ, সংলাপ, অভিনয় এবং মঞ্চ উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।
মাসব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কর্মশালার প্রশিক্ষক, আয়োজক, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। তরুণদের সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে আরও সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


