ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা সেনানিবাসে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখনো সেনানিবাসেই অবস্থান করছেন এবং সেনা সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করছেন।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতা-কর্মীরাও ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে তারা সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে প্রধানমন্ত্রী তার মা ও বাবার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
