ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাটতায় অনুষ্ঠিত জামাতে সামনের সারিতে নামাজ পড়েন তারা।
এই ঈদ জামাতে আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা দুই হাত তুলে মোনাজাত করেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন। প্রবেশের সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহে প্রবেশের প্রধান তিনটি পয়েন্ট—মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় রোড ব্যারিকেড রাখা হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত যান চলাচল নিয়ন্ত্রণ করা যায়। ময়দানের চারপাশে পুলিশের টহল ও অবস্থান ছিল। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই জাতীয় ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেন অনেকে।
জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পৃথক পথ রাখা হয়েছে। পুরো মাঠে ১২১টি কাতার প্রস্তুত করা হয়েছে। একসঙ্গে ১৪০ জন অজু করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদগাহে নিরাপত্তা ছিল ছয় স্তরের। জাতীয় ঈদগাহসহ ঢাকায় প্রায় এক হাজার ঈদ জামাতকে ঘিরে এক হাজার ৫০০ পুলিশ সদস্য নিরাপত্তায় রয়েছেন।
