Advertisement

জামিনে মুক্তির ২৩ দিন পর ফের গ্রেপ্তার ১৮ মামলার আসামি হাইক্কা ডাকাত

এশিয়া পোস্ট প্রতিবেদক
জামিনে মুক্তির ২৩ দিন পর ফের গ্রেপ্তার ১৮ মামলার আসামি হাইক্কা ডাকাত
আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ (৫০) নামে এক ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৩ দিন আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় মিরপুরের পাইক পাড়ার র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

তিনি জানান, র‌্যাব-৪ ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ দল গত সোমবার (১৬ আগস্ট) রাতে সাভার মডেল থানার হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে আব্দুল হাকিম জোমাদ্দারকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেটসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নাজমুল ইসলাম বলেন, আব্দুল হাকিমের কাছ থেকে তার সংঘবদ্ধ অপরাধী চক্র সম্পর্কে তথ্য পাওয়া গেছে। চক্রটি দেশের বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তিনি আরও জানাম, আব্দুল হাকিম প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতি বা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। ২৩ দিন আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তার আব্দুল হাকিম জোমাদ্দারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।