স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নতুন দায়িত্ব

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের এক কমিটি গঠন করেছে সরকার।
নতুন গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও নবগঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
