logo
Advertisement

আর বোধ হয় চাকরি করা হল না, পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট

এশিয়া পোস্ট নিউজ
আর বোধ হয় চাকরি করা হল না, পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট
পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিম। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিউজ শেয়ার করার জেরে বদলি করা হয়েছে বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি পুলিশের বিশেষ শাখায় ছিলেন। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

Advertisement

বদলি আদেশ জারির পর ফেসবুকে আবেগঘন একটি পোস্ট করেছেন রেজাউল করিম। তিনি লিখেছেন, ‘আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। পুলিশ ডিপার্টমেন্টে কেন ভাল কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হল আমার পোস্টিং দিয়ে। আলহামদুলিল্লাহ, বিগত ১৫ বছরের চাকরিতে ৯ বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, কিছুই মনে করিনি, এখনও মনে করব না।

‘শুধু এটুকুই বলব এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিৎ কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না। ১০০ শতাংশ সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিচ্ছু বলার নেই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়। অন্যায়কে মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। আমার আর বোধ হয় চাকরি করা হল না। ভাল থাকবেন সবাই।’

ফেসবুকে দেওয়া পুলিশ কর্মকর্তার পোস্ট।
ফেসবুকে দেওয়া পুলিশ কর্মকর্তার পোস্ট।

বদলি আদেশের কারণ উল্লেখ করে ওই ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘অনেকেই জানতে চাইবেন আসলে কেন এই অর্ডার। আমি যতটুকু জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের পদায়ন নিয়ে একটি নিউজ হয়েছিল, সেটা আমি শেয়ার দিয়েছিলাম। আর পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র অফিসার এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি তার জবাব দিয়েছিলাম। পরে অবশ্য সেই শেয়ার দেওয়া নিউজ আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু তারপরও আমাকে সংযুক্ত করা হল। এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। ভাল থাকুক বাংলাদেশ পুলিশ, ভাল থাকুক সেই সব তথাকথিত ভাল অফিসাররা।’