logo

২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার

২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য এক প্রস্তাবের ভিত্তিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকের (ইএমকেআই) কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে এক লাখ মেট্রিক টন EN590-10 PPM সালফার মানমাত্রার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া আরেক প্রস্তাবের ভিত্তিতে জি-টু-জি ভিত্তিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন), ইন্দোনেশিয়া থেকে চুক্তির আওতায় ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল শূন্য দশমিক ৫ শতাংশ 'এস' (ডিজেল) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে আগামী এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসেও যতটুকু জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসেও একই পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হবে। তো সেই হিসেবে এপ্রিলেও কোনো জ্বালানি তেলেও সংকট হবে না।

তিনি আরও বলেন, ডিজেলের কোনো সংকট নেই। সীমান্তে ডিজেলের পাচার রোধে কড়া নজরদারি জোরদার করা হয়েছে।