logo
Advertisement

থাইল্যান্ডে চিকিৎসা শেষে এক মাসের অবজারভেশনে ঢামেকে আহত জুলাই যোদ্ধা নাবিল

এশিয়া পোস্ট প্রতিবেদক
থাইল্যান্ডে চিকিৎসা শেষে এক মাসের অবজারভেশনে ঢামেকে আহত জুলাই যোদ্ধা নাবিল
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার সামনে ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া নাবিল আহমেদ (২১) দীর্ঘ ২০ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে এক মাসের অবজারভেশনের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার সাউথ কেবিন-৪৯-এ চিকিৎসাধীন রয়েছেন।

নাবিলের বাবা সিদ্দিকুর রহমান জানান, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কদমতলী থানার সামনে আন্দোলন চলাকালে তার ছেলে ডান পায়ে গুলিবিদ্ধ হন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়, যেখানে প্রায় ২০ মাস চিকিৎসাধীন ছিলেন।

তিনি বলেন, থাইল্যান্ডের চিকিৎসকরা জানিয়েছেন, নাবিলের গুলিবিদ্ধ ডান পা অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে হতে পারে। তবে অস্ত্রোপচারের আগে এক মাস বাংলাদেশে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর পুনরায় থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। সেই পরামর্শ অনুযায়ী তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

সিদ্দিকুর রহমান আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাজারগাঁও গ্রামে। ঘটনার সময় তারা ঢাকার রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নাবিল ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থী বর্তমানে কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।