জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে দেশের সরবরাহব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও তা নিরসনে সরকার বিকল্প বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, বিগত সরকারের শাসনামলে যেসব পরিবারের নারী নেতা-কর্মীরা সোচ্চার ছিলেন, তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তবে নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে দলকে সুসংগঠিত রেখেছেন এবং সঠিক নেতৃত্ব দিচ্ছেন।
দেশের বিদ্যমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, তেল ও গ্যাস সরবরাহে সাময়িক জটিলতা তৈরি হওয়া একটি বৈশ্বিক সংকট। তবে এই সংকট কাটিয়ে উঠতে জ্বালানি আমদানিসহ বিভিন্ন বিকল্প কৌশল অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে গণপরিবহন পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে মানুষের জীবনযাত্রাকে সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি চিরকালই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সুবিধা আরও প্রসারিত করার চিন্তাভাবনা করছে। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক সক্ষমতা নারীদের হাতে তুলে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, যারা নারীদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়, তারা কাপুরুষ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


