চার দিনের মাথায় মোহাম্মদপুরে আবারও হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বেড়িবাঁধ এলাকার সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আসাদুলের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকায়। বাবার নাম জলিল সর্দার। বর্তমানে তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
নিহত যুবকের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মোহাম্মদপুরে হত্যার ঘটনা ঘটলো।