এই জুলুমের শেষ কোথায়: আমির হামজা

পরপর কয়েকটি ধর্ষণ ও হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। নরসিংদী, রামপুরার পরে এবার পাবনার ঈশ্বরদীতে আবারও ধর্ষণের ঘটনা এবং এই ধর্ষণকে কেন্দ্র করে একই সঙ্গে দুটি খুন। এই জুলুমের শেষ কোথায়?
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন। তিনি লিখেছেন, এই জুলুম থেকে অবসান পেতে ধর্ষণের মতো ঘটনাকে বিশেষ আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা ছাড়া কোনো পথ খোলা দেখছি না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্শন করে আমির হামজা লেখেন, রাষ্ট্রের সংশ্লিষ্ট সদস্যরা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সব কাজের ঊর্ধ্বে এই ধর্ষণ প্রতিহত করার উদ্যোগ গ্রহণ করুন!
পোস্টের শেষে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, যে দেশে আমাদের মা-বোনরা নিরাপদ না, সে দেশ যতই উন্নত করি, লাভটা কোথায়? আগে আমরা আমাদের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত হতে দেখতে চাই।