জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: স্থানীয় সরকারমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: স্থানীয় সরকারমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে সংস্থাটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা এবং বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।