logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের নতুন উদ্যোগ জরুরি : প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের নতুন উদ্যোগ জরুরি : প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে উদ্যোগ নেওয়া জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২৯ ডিসেম্বর) রাতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান সমাধান হতে পারে না। অন্তর্বর্তী সরকার গত এক বছরে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে একাধিক উচ্চপর্যায়ের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রমজান মাসে জাতিসংঘ মহাসচিবের শিবির পরিদর্শন উল্লেখযোগ্য। তবু সংকটটি এখনো যথাযথ মনোযোগ পাচ্ছে না।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের অবস্থান এরই মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে উদ্যোগ নেওয়া জরুরি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, মিয়ানমার থেকেই সমস্যার শুরু, সেখান থেকেই এর সমাধান আসার কথা। রোহিঙ্গা শিবিরে এক হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে। যাদের প্রযুক্তিতে প্রবেশাধিকার রয়েছে। এটি কারও জন্যই ভালো খবর নয়।

তিনি আরও জানান, ভাসানচর থেকে অনেক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছেড়ে মূল ভূখণ্ডে মিশে গেছে, যা দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

এ সময় ইভো ফ্রেইজেন বলেন, ইউএনএইচসিআর প্রধান বারহাম সালিহ শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারেন এবং রোহিঙ্গা শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।