যৌথ কাজে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐকমত্যে চীন: মাহদী আমিন

এশিয়া পোস্ট নিউজ
যৌথ কাজে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐকমত্যে চীন: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

Advertisement

শুক্রবার (২৬ জুন) মালয়েশিয়া ও চীনে ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে রাতে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশ দুটির সঙ্গে নিজেদের স্বার্থ এবং বাণিজ্যের উন্নয়ন কিভাবে করা যায়, সে ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সফরের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের ঐকমত্য হয়েছে। এ ছাড়া চীনের প্রেসিডেন্টের প্রস্তাবিত ‘করিডর’ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, যা ব্যবসা ও বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত রোববার (২১ জুন) রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পরদিন সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওনা হন তিনি।

সেখানেও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সবশেষ শুক্রবার সকালে বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। রাত পৌনে ৮টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীনে এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।