logo

ডিবির ৭ সদস্যকে বরখাস্ত

ডিবির ৭ সদস্যকে বরখাস্ত

নকল টাকা উদ্ধারের আড়ালে আসল টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

ডিএমপির সদরদপ্তর থেকে মঙ্গলবার (১৭ মার্চ) এ আদেশ জারি করা হয়েছে। 

বরখাস্ত হওয়া সদস্যরা হলেন—ডিবি তেজগাঁও বিভাগের এসআই (নিরস্ত্র) মিশন বিশ্বাস, এসআই (নিরস্ত্র) এএসএম সাইদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) সুম্ময় শর্মা, এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. পারভেজ ও কনস্টেবল মো. সালমান রহমান।

উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপি (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০২৬-এর ৯(১) উপবিধি অনুযায়ী প্রশাসনিক কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে সংশ্লিষ্ট সদস্যরা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত হয়ে নিয়মিত রোলকল দিতে হবে। একইসঙ্গে পিআইএমএসে তাদের তথ্য হালনাগাদ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলা হয়েছে।