সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সাংবাদিক

এশিয়া পোস্ট নিউজ
সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সাংবাদিক
বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে স্বাস্থ্য বীমার চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বিমা’-র চেক তুলে দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে স্বাস্থ্য বিমার মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ। এ সময় বিজেসির সদস্যসচিব ইলিয়াস হোসেন ও ট্রেজারার মানস ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সদস্যরাই বিজেসির প্রাণ। তাদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই স্বাস্থ্য বিমা সুবিধাভোগীদের বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে বলে আমার বিশ্বাস। সদস্যদের পাশে দাঁড়াতে পেরে বিজেসি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সংগঠনের সদস্য সচিব ইলিয়াস হোসেন তার বক্তব্যে বলেন, বিজেসি সব সময়ই সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। এ পর্যন্ত সংগঠনের তিন শতাধিক সদস্যকে স্বাস্থ্য বিমার আওতায় আনা সেই প্রয়াসেরই অংশ। বিজেসি ১০ কোটি টাকার একটি বিশাল কল্যাণ তহবিল গঠনের স্বপ্ন দেখছে, যার লভ্যাংশ দিয়ে ভবিষ্যতে সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানদেরও এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে।

বিজেসির কল্যাণ ও সুরক্ষা কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদার বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা উল্লেখ করে বলেন, সঠিক ও যোগ্য ব্যক্তি যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সাথে দীর্ঘ যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনে আমরা সরেজমিনেও তথ্য যাচাই করি।

অনুষ্ঠানে বিমার চেক গ্রহণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগঠনের একজন সদস্য বলেন, বর্তমান সময়ে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। বিজেসির এই বিমা সহায়তা আমার জন্য বিশেষ উপকার বয়ে এনেছে। সংগঠনের এই কল্যাণমুখী কাজ সত্যিই প্রশংসনীয়।

আরেকজন সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠন যে সদস্যদের শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনের সুরক্ষাকেও সমান গুরুত্ব দেয়—আজকের এই আয়োজন তারই প্রমাণ।

বিজেসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে এই স্বাস্থ্য বিমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাই-বাছাই শেষে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। বিজেসির ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদারের নেতৃত্বে এই কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী শামসুল হুদা, শহীদ আহমেদ এবং যুগ্ম-নির্বাহী মনিরা ফেরদৌসী ও সালাম ফারুক।

কোনো বিমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে বিজেসি এই মানবিক সেবা প্রদান করে আসছে। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই বিমা সুবিধা পেয়ে থাকেন। গত ৭ বছরে এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিজেসির কার্যনির্বাহী কমিটির এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।