শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন

রেল দুর্ঘটনার কারণে যাত্রী দুর্ভোগ পোষাতে সিলেট-ঢাকা রুটে ‘ব্যালেন্স এক্সপ্রেস’ নামে স্পেশাল একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে ট্রেনটি। ঢাকার আগে ট্রেনটি চারটি স্টেশনে থামবে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার (১ এপ্রিল) ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই এদিন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। পথে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে ট্রেনটি। কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে দুপুর ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। আর নির্ধারিত গন্তব্য ঢাকার কমলাপুরে ট্রেনটি পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধারের পর বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলভর্তি একটি ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে পাঁচটি বগি লাইনের পাশে উল্টে পড়ে যায় এবং একটি বগি পাশের ডোবায় পড়ে।