প্রকাশিত সংবাদে ছুটি কক্সবাজার লিমিটেডের প্রতিবাদ

এশিয়া পোস্টে গত ২১ জুন (রোববার) ‘আজীবন মুনাফার প্রতিশ্রুতি: ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে ছুটি কক্সবাজার লিমিটেড। মঙ্গলবার (২৩ মে) এশিয়া পোস্টের কাছে এ প্রতিবাদপত্র পাঠান প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোকলেছার রহমান।
প্রতিবাদে বলা হয়েছে, এতদ্বারা আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ‘এশিয়া পোস্ট’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে আমাদের প্রতিষ্ঠান ‘ছুটি কক্সবাজার লিমিটেড’ -কে কেন্দ্র করে একটি সম্পূর্ণ বানোয়াট, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আমাদের প্রতিষ্ঠানের মাত্র ৪ বিঘা জমি রয়েছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি যে, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং বিভ্রান্তিকর।
আমরা জানি, ছুটি গ্রুপের একাধিক প্রকল্প রয়েছে এবং একটি বিশাল কর্মীদল নিরলসভাবে কাজ করে বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে এবং উক্ত সংবাদের স্ববিরোধিতা তুলে ধরতে নিচে প্রকৃত তথ্য ও আমাদের প্রকল্পের বাস্তব অগ্রগতি উপস্থাপন করা হলো— উক্ত সংবাদের স্ববিরোধিতা ও দৃশ্যমান উন্নয়ন কাজ (ভিডিও ফুটেজের প্রমাণ)। উক্ত অনলাইন পোর্টালটি যে মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রচার করেছে, তার প্রমাণ তাদের নিজেদের প্রকাশিত ভিডিওর মধ্যেই বিদ্যমান।
ভিলা-১-এর বাস্তব অগ্রগতি:
উক্ত ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় যে, আমাদের ‘ভিলা-১’ -এর নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হয়েছে (ভিডিওর ১ মিনিট ২৯ সেকেন্ডে এটি স্পষ্টভাবে দৃশ্যমান)। ইতোমধ্যে সম্মানিত ক্লায়েন্টদের নামে সাফ কবলা রেজিস্ট্রি সম্পন্ন করে ভিলাটি সফলভাবে হস্তান্তর করা হয়েছে। খুব শিগগিরই এই প্রকল্পের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে।
৮ বিঘারও বেশি জমির ওপর চলমান নির্মাণকাজ:
উক্ত ভিডিওতেই আমাদের ৮ বিঘারও বেশি জমির ওপর চলমান বিশাল কর্মযজ্ঞের ফুটেজ প্রদর্শিত হয়েছে। অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় যে, আন্তর্জাতিক মানের এই রিসোর্ট নির্মাণের দায়িত্বে রয়েছে একটি স্বনামধন্য চীনা নির্মাণ প্রতিষ্ঠান।
আমাদের যৌক্তিক প্রশ্ন:
যেখানে তাদের নিজেদের ভিডিও ফুটেজেই ভিলা-১ -এর সমাপ্ত নির্মাণকাজ এবং ৮ বিঘারও বেশি জমির ওপর চলমান বৃহৎ প্রকল্পের দৃশ্যমান প্রমাণ রয়েছে, সেখানে তারা কোন উদ্দেশ্যে মাত্র ৪ বিঘা জমির মিথ্যা দাবি তুলেছে? জমি না থাকলে বা বৈধ মালিকানা না থাকলে স্থানীয় জমির মালিক, সংশ্লিষ্ট প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই এত বড় পরিসরে নির্মাণকাজ পরিচালনার অনুমতি দিত না। একইভাবে কোনো আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানও এখানে কাজ শুরু করত না।
উল্লেখ্য, ছুটি রিসোর্ট কক্সবাজার প্রকল্পে বর্তমানে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতি ও পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে ‘এশিয়া পোস্ট’ কর্তৃপক্ষের নিকট আমাদের বিনীত অনুরোধ, তাদের প্রকাশিত সংবাদ ও ভিডিওতে ছুটি রিসোর্ট কক্সবাজার সম্পর্কিত যে বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে, তা অবিলম্বে অপসারণ করা হোক। এছাড়া, উক্ত ভুল তথ্য প্রচারের ফলে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানাচ্ছি।
আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ, এ ধরনের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হয়ে প্রতিষ্ঠানের অফিসিয়াল তথ্যের ওপর আস্থা রাখুন। ‘ছুটি কক্সবাজার লিমিটেড’ সবসময় স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে আপনাদের আস্থা রক্ষা করতে বদ্ধপরিকর।





