তারেক রহমানের শুভেচ্ছার জবাব দিলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্ট @narendramodi থেকে লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে তারেক রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট @trahmanbnp থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে তারেক রহমান লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার পাশাপাশি আপনার সার্বিক সুস্থতা ও উদ্যম সর্বদা বজায় থাকুক।’
উল্লেখ্য, বৃহস্পতিবার নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। ১৯৫০ সালের আজকের দিনে গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি। ভারতের দ্বিতীয় দফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।


