logo

আবারও সড়কে চাঁদার পক্ষে বললেন পরিবহনমন্ত্রী

আবারও সড়কে চাঁদার পক্ষে বললেন পরিবহনমন্ত্রী

আবারও সড়কে চাঁদাবাজির পক্ষে সাফাই গাইলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়ক পরিবহনে যেভাবে চাঁদা বলা হয়, সেভাবে আমি চাঁদা হিসেবে দেখছি না। বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি নিজেদের কল্যাণে এটা ব্যয় করে। এটা তারা সমঝোতার ভিত্তিতে করে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে আয়োজিত সমন্বয় সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শেখ বরিউল আলম বলেন, ‘সড়ক পরিবহনে যেভাবে চাঁদা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, এটা অলিখিত বিধির মতো, তারা এটা তাদের কল্যাণে ব্যয় করে সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে, কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হয়, সেটা হলো চাঁদা।’

তিনি বলেন, মালিক সমিতি হয়তো একটা নির্দিষ্ট হারে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কিন্তু কতটুকু ব্যবহার হয় সেটা জানি না। সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এটা সমঝোতার ভিত্তিতে হয়তো করে। সেটা আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের, আবার ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনগুলোরও আধিপত্য থাকে। এটা আছে।’ 

সেতুমন্ত্রী আরও বলেন, ‘এটা আমাদের কাছে চাঁদা আকারে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এ রকম যদি কেউ করতে আসে, তার সুযোগ নেই। মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে করে, সেখানে আমরা কথা বলে দেখাব যে, সেখানে কোনো ডিপ্লাই হচ্ছে কি না এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কি না।’

এ সময় সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা ছাড়বে। পৃথিবীর এটিই একমাত্র দেশ, যেখান থেকে একসঙ্গে এত মানুষ একটি নগর ছেড়ে যায়। এটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবারের যাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় স্বস্তির হবে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না।’