logo

পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

দেশজুড়ে জ্বালানি তেলের সংকট মুহূর্তে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে এই জ্বালানি তেল আসা শুরু হয়। ৩১ মার্চের মধ্যে এই চালানের সম্পূর্ণ ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে জমা হবে। এটি ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানি তেলের চতুর্থ চালান।

জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৭ হাজার টন ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু করা হয়। ৩১ মার্চের মধ্যে পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে সম্পূর্ণ ডিজেল এসে পৌঁছাবে বলে আশা করছেন ডিপোসংশ্লিষ্টরা।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো ইনচার্জ মো. আহসান হাবিব ৭ হাজার টন ডিজেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে পাইপলাইনে পাম্পিং করে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। প্রতি ঘণ্টায় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার লিটার তেল এসে পৌঁছায়। সেই হিসেবে আগামী ৩১ মার্চের মধ্যে এই চালানের ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে জমা হবে। 

এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) এই পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল আসে। সেটি ছিল ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানির তৃতীয় চালান। এই চালান নিয়ে চার ধাপে এ বছর পাইপলাইনের মাধ্যমে আনা হয়েছে মোট ২২ হাজার টন ডিজেল।

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আট জেলার চাষাবাদের কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেলচালিত যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের পরিকল্পনা নেয় সরকার। পরে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি সম্পন্ন হয়।