জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এ ময়দানে নামাজ আদায় করবেন।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।
আব্দুস সালাম আরও বলেন, জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানের ৯০ শতাংশ কাজ শেষ। দু-এক দিনের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হবে। এ ছাড়া উৎসবমুখর পরিবেশে যেন নগরবাসী ঈদের জামাত আদায় করতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। এর মধ্যে ভিআইপি ব্লকে পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে।
এছাড়া অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।