অটোরিকশায় এসে সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলি ছুড়ে দুর্বৃত্তরা

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক বিসিবি পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টারের নিচতলার পার্কিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটিতে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
এতে গাড়ির পেছনের জানালার কাচ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, বিশাল সেন্টারের নিচে পার্ক করা ছিল আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি। ভোরের ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক ব্যক্তি সেখানে আসে। পরে গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ ও হামলার পর গাড়ির পেছনের কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
ঘটনার সময় আসিফ আকবর ওই গাড়িতে ছিলেন না। পুলিশ জানিয়েছে, তিনি তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত গাড়িটি তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে একটি পিস্তলের খোসা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকার মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হামলাকারী কীভাবে ঘটনাস্থলে এসেছিল এবং গুলি ছোড়ার পর কোন পথে পালিয়ে গেছে, তা জানতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিশাল সেন্টারের নিচে ফুটপাতের ওপর আসিফ আকবরের গাড়িটি পার্ক করা ছিল। এ সময় তিনি তার অফিসে অবস্থান করছিলেন। গাড়ি থেকে একটি পিস্তলের খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার কারণ এখনো প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। আসিফ আকবরও এ বিষয়ে কোনো কিছু বলতে পারেননি। গাড়িটি বর্তমানে তার হেফাজতে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত তিনি কোনো মামলা করেননি।
পুলিশের প্রাথমিক তদন্তে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত হলেও হামলাকারীর পরিচয় কিংবা কী উদ্দেশ্যে গাড়িটি লক্ষ্য করে গুলি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আসিফ আকবরের সঙ্গে ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার বলেন, বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


