logo

হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে ওমর হাদির জিডি

হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে ওমর হাদির জিডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত শরিফ ওসমান হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ভাই ওমর বিন হাদি।

রাজধানীর শাহবাগ থানায় শনিবার (২৪ জানুয়ারি) রাতে জিডি করেন তিনি। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।

জিডিতে ওমর লিখেছেন, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি। হাদির খুনি চক্র গ্রেপ্তার না হওয়ায় যেকোনো সময় ‘অপ্রীতিকর ঘটনা’ ঘটাতে পারে।

এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওমর বিন হাদি।

সম্প্রতি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর। পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।