logo

দেশের যে কোনো সংকটে পুলিশ ও সশস্ত্র বাহিনী একসাথে কাজ করে

দেশের যে কোনো সংকটে পুলিশ ও সশস্ত্র বাহিনী একসাথে কাজ করে

দেশ ও জাতির যে কোনো সংকটকালে বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করা হয়।

‘এনডিসি কোর্স-২০২৬’-এর অংশ হিসেবে সোমবার সকালে এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই প্রতিনিধিদলটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়পক্ষ শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ উপলক্ষে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের ইতিহাস, মিশন ও ভিশন, মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া পুলিশের বিভিন্ন সেবা কার্যক্রম ও সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা সাইবার অপরাধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন।

সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এই সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দকে আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, দুই বাহিনীর এই সমন্বিত সম্পর্ক দেশের যে কোনো সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, অতীতেও বিভিন্ন জাতীয় দুর্যোগ, নিরাপত্তা পরিস্থিতি ও জরুরি প্রয়োজনে পুলিশ ও সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করে সফলভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এনডিসি টিমে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার ৩১ জনসহ মোট ১০৪ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।