মধ্যপ্রাচ্যের যুদ্ধ রেমিট্যান্সে প্রভাব ফেলতে পারে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়তে পারে বলে মনে করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
মধ্যপ্রচ্যের যুদ্ধ রেমিট্যান্সে কোনো প্রভাব পড়বে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাভাবিক, কিছু প্রভাব তো পড়বেই। তবে সরকার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। দ্রুতই তা দৃশ্যমান হবে। এর সুফল আপনারা অচিরেই দেখতে পারবেন।
যুদ্ধাবস্থায় মধ্যপ্রচ্য-প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন, তাদের নিরপদে রাখা। তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। কেউ ইনজুর হলে স্বাস্থ্যসেবা দেওয়া। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের দেশে আনার বিষয়েও চিন্তা করা।
আরিফুল হক চৌধুরী বলেন, এ জন্য যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং সেল করা হয়েছে। প্রতিদিন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের নাগরিকদের নিরাপত্তায় তা করার চেষ্টা করছি।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত আমরা বাংলাদেশি তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।
প্রবাসে বাংলাদেশের জন্য বন্ধ বাজার চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সেসব বাজার চালু করার চেষ্টা চলছে। তবে এখন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তা সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্বদিকে চেষ্টা করছি। রমজান ও যুদ্ধের কারণে এই কাজ এখন একটু স্লো। আশা করছি, আগামী মাস থেকে তা আরও গতি পাবে।’
এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের ছিনতাই ও কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনাও দেন তিনি।
সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।