logo

দেশে উৎপাদিত অকটেন না নেওয়ার খবরের ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

দেশে উৎপাদিত অকটেন না নেওয়ার খবরের ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শিরোনামে দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিপিসির দেওয়া এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, রোববার (১৯ এপ্রিল) দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি বিপিসির দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনটিতে বেসরকারি প্রতিষ্ঠান- বিশেষ করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি হতে অকটেন ও পেট্রোল সংগ্রহ না করার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা তথ্যভিত্তিক নয়, বরং বাস্তবতার বিপরীত।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের জন্য বিপিসি হতে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। চলমান পরিস্থিতিতে দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের চাহিদা পূরণের জন্য স্থানীয় উৎসের পাশাপাশি বিদেশ থেকেও আমদানি অব্যাহত রয়েছে।

প্রকাশিত সংবাদে বিপিসি অকটেন ও পেট্রোল উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান হতে জ্বালানি তেল সরবরাহ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে গত ৮ এপ্রিল চিঠি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিপিসি হতে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি বলে নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে।

দেশীয় উৎস হতে পর্যাপ্ত অকটেন ও পেট্রোল গ্রহণের সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিপিসি। ফলে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি হতে বিপিসি পণ্য গ্রহণ করছে না বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা বাস্তবতার সঙ্গে সৎগতিপূর্ণ নয়।

চলতি মাসে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রো পিএলসি হতে ১১ হাজার ৬১৫ টন অকটেন, ৭ হাজার ১৭৭ টন পেট্রোল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেল; এ্যাকোয়া রিফাইনারি লিমিটেড হতে ২৯১ টন অকটেন, ৪ হাাজর ১৩ টন পেট্রোল ও ৫৮১ টন ডিজেল এবং পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড হতে ৩ হাজার ২৬৪ টন অকটেন, ১ হাজার ২৫৪ টন পেট্রোল এবং ১ হাজার ৮৯৬ টন ডিজেল নিয়েছে বিপিএসসি। চলতি বছরের পূর্ববর্তী মাসগুলোর তুলনায় এ হিসাব বেশি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। অবশিষ্ট ১১ দিনেও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য গ্রহণের সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিপিসি।

জনস্বার্থ বিবেচনায় গণমাধ্যমগুলোকে সঠিক ও বাস্তবভিত্তিক তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।